যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঝিকরগাছা দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ফারুক হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের ঝিকরগাছা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ফারুক হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবির হিসাবমতে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকার বেশি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন যে তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের তৎপরতা জোরদার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।