জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য মিছিল করেছে ছাত্রদল। ইতিহাস, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া জাতীয় পতাকা বহন করে তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারওই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক ছফী ওবায়েদুর রহমান সামিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সৈকত মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান প্রমুখ।
এছাড়া ঢাকা মহানগর ও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
আরও পড়ুন
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি
পরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
এনএস/কেএসআর








