জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন করে কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। কিন্তু সেই কার্ডের মধ্যে চাঁদাবাজি, দখলদারি কিংবা থানা দখলের কার্ড থাকবে কি না, সেটিও জনগণ জানতে চায়। যদি এসবের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশের মানুষই বিএনপিকে লাল কার্ড দেখাবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বিএনপি আমাদের সঙ্গে অভ্যুত্থানে ছিল। গত ১৭ বছর তারা নিপীড়নের শিকার হয়েছে। আমরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু যখন দেখি খাল খননের নামে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়—পারলে খালটাও লুটপাট হয়ে যায়, তখন আমাদের কথা বলতে হয়। এই নতুন লুটপাটের রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, যদি এ কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান, বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।
এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে এক ছাত্র সমাবেশে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
হৃদয় আহম্মেদ/কেএইচকে








