সিরাজগঞ্জে নিরাপদ পানির জন্য স্থাপিত একটি গভীর নলকূপের পানির সঙ্গে উঠছে প্রাকৃতিক গ্যাস। আগুনের সংস্পর্শে তা দাউ দাউ করে জ্বলে উঠছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল থেকে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা এলাকার ‘মাজেম মিয়ার গড়ান’ নামের এক স্থানে এ ঘটনা ঘটে। ভূগর্ভ থেকে পানির সঙ্গে আপনা-আপনি গ্যাস বের হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।
স্থানীয়রা জানান, নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পৌরসভা থেকে নলকূপটি নতুন স্থাপন করা হয়। কিন্তু বৃহস্পতিবার নলকূপটি প্রথম চালু করলে পানি বের হওয়ার সঙ্গে শোঁ শোঁ শব্দ করছিল। পরে গ্যাস সন্দেহে আগুন দিলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।
তারা আরও জানান, গ্যাসে আগুন দেওয়ার পর তিন-চার ফুট উচ্চতা পর্যন্ত আগুন জ্বলে ওঠে। পানি ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় এই পানি ব্যবহার করা ঠিক হবে কি-না, তা নিয়েও সংশয়ে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছিল। তারা এসে প্রাথমিকভাবে গ্যাসের কিছু অস্তিত্বের সন্ধান পেয়েছেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, “ওখানে প্রাথমিকভাবে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে আমাদের ভাষায় এ গ্যাসকে বলা হয় ‘পকেট গ্যাস’। এ গ্যাস উত্তোলনযোগ্য নয়। সাধারণত পাহাড়ি এলাকায় অথবা কোনো নিচু স্থান ভরাটের পর এ ধরনের গ্যাস দেখা যায়।”
এম এ মালেক/এসআর








