চলমান ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে। এতে দুমড়ে মুচড়ে গিয়ে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দ্রুত সরে যাওয়ায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।

আজ রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় এ ঘটনাটি ঘটে। ‎

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টি ও বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যেই গাছটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরাও নিরাপদে সরে যেতে সক্ষম হন।

‎ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করা হয়। ‎

‎এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটা বড় গাছ ভেঙে পরে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।’

গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ‎

‎ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে পরিবহন প্রশাসক আরও বলেন, ‘ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা। এই গাছ যদি শিক্ষার্থীদের উপর পড়ত, তাহলে হতাহতের আশঙ্কা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’