‘পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’
ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ঘনেশ্যাম বর্মণ। তিনি প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
‘বৃক্ষ শুধুরোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ৯ জুলাই ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে কিছু গাছের চারা রোপণ করেন, এবং বাকিগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশের ভিত্তি। তাই প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি গাছটির নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে।’

উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাসেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন ওয়াহিদ, সহদপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ইএসডিও স্মার্ট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উপপ্রকল্পের পরিবেশ ও সামাজিক কর্মকর্তা রুবেল হাসান।
সহদপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ যে গাছ আমরা রোপণ করছি, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়া।’
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, বন্ধু মেহেরাব হোসেন, রানা এবং বন্ধুসভার অন্য সদস্যরা।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা








