চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রঙ্গন।

আজ রোববার সকাল আটটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী–পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রঙ্গন গোস্বামী (১৮) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।