টবে রাখা ছোট্ট একটি গাছ। সবুজ পাতা। দেখতে সাধারণ। কিন্তু সেই পাতার ভেতরেই লুকিয়ে আছে এমন এক গাণিতিক নকশা, যা দিয়ে শহরের রাস্তা, স্কুল কিংবা হাসপাতালের অবস্থান পরিকল্পনা করা হয়! এমনই এক বিস্ময়কর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গবেষণাটি ন্যাচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, চাইনিজ মানি প্ল্যান্টের পাতার প্রধান শিরাগুলো ভোরোনয় ডায়াগ্রাম নামে পরিচিত গাণিতিক বিন্যাস অনুসরণ করে। এই আবিষ্কার কেবল উদ্ভিদবিজ্ঞানকে সমৃদ্ধ করবে না বরং ভবিষ্যতে প্রকৌশল, নগর পরিকল্পনা বড় ধরনের বিপ্লব নিয়ে আসতে পারে।