গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে চরের কাজ শেষে ফেরার পথে ব্র্যাকের কর্মী ও সাধারণ যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি নৌকায় প্রকাশ্যে দিবালকে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় দুই এনজিও কর্মীর কাছ থেকে সাপ্তাহিক কিস্তির উত্তোলণকৃত প্রায় ৭ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা এবং নৌকার ১০ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের উড়িয়া ইউনিয়নের কাবিলের চর এলাকার মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে একটি খেয়ার নৌকা ওই ইউনিয়নের কাটাতারা ঘাটে আসছিল। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে আরেকটি ছোট নৌকায় মুখে কালো কাপড় বাঁধা ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল এসে খেয়ার নৌকাটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে নৌকার যাত্রীদের জিম্মি করে ফেলে তারা।
এ সময় ব্র্যাক এনজিওর স্থানীয় কালির বাজার শাখার সহকারী ব্যবস্থাপক নিরঞ্জন কুমার রায়সহ দুই কর্মীর কাছ থেকে চরের ৪টি কেন্দ্রের উত্তোলনকৃত ৭ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। একইসঙ্গে নৌকায় থাকা আরো ১০ থেকে ১৫ জন যাত্রীর মোবাইল ও নগদ টাকা লুট করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার ব্র্যাকের কালির বাজার শাখার সহকারী ব্যবস্থাপক নিরঞ্জন কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফুলছড়ি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন বলেন, চরের ৪টি কেন্দ্রের সাপ্তাহিক কিস্তি উত্তোলন করে সহকারী ম্যানেজার নিরঞ্জন কুমারসহ দুই কর্মী উপজেলা সদরে ফিরছিলেন। এসময় মাঝ নদীতে ৭ থেকে ৮ জন ডাকাত তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
গাইবান্ধার বালাসীঘাট নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই নৌ পুলিশ ও ফুলছড়ি থানা পুলিশের একাধিক টিম নদী এবং চরের বিভিন্ন এলাকায় আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, “ভুক্তভোগীদের কাছে থাকা সব মোবাইল ফোন ডাকাতরা নিয়ে যাওয়ায় তারা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেননি। ফলে পুলিশকে অনেক পরে খবর দেওয়া হয়। খবর পেয়েই রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই ডাকাত দলকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”








