ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর দখলের গতি বাড়িয়েছে ইসরাইল, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। চলতি মাসের শুরুতে ইসরাইলি মন্ত্রীরা দখলের যে পরিকল্পনার আভাস দিয়েছিলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার বাস্তবায়নের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে ইসরাইলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন স্পষ্ট করে বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ ধাপে ধাপে বাড়ছে এবং শেষ পর্যন্ত পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। আলজাজিরা, মিডল ইস্ট মনিটর।

মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি সম্প্রচারমাধ্যমগুলো সরকারের মন্ত্রিসভার পরিকল্পিত ‘নীরব সংযুক্তিকরণ’ কৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সপ্তাহজুড়ে গাজা ও পশ্চিম তীরে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে সেই পরিকল্পনার অংশ হিসাবেই দেখছেন সমালোচকরা।

গাজায় নতুন বসতি ও নিয়ন্ত্রণসীমা সম্প্রসারণ : গাজায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও প্রকাশ্যে এনেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার ভাষ্য অনুযায়ী, সেটেলমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইতোমধ্যে গাজার উত্তরাঞ্চলে তিনটি নতুন বসতির পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে অনুমোদনের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার অভ্যন্তরে ইসরাইলি নিয়ন্ত্রণসীমা নির্দেশকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পাশের সীমাচিহ্ন পশ্চিমদিকে আরও সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ইসরাইলের নিয়ন্ত্রিত এলাকা আরও বিস্তৃত হয়েছে।