সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “সাতক্ষীরা-৪ আসনের এমপির বিষয়ে ইসিতে এখনো কোনো নোটিশ আসেনি। নোটিশ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন।”
এর আগে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।এরপর কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পৌঁছালে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।








