গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত এক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকে প্রকাশ্যে ছুরিকাঘাত, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবু তাহের নয়নের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন। ২৮ জুন জিএমপি সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করে।
এজাহার সূত্রে জানা গেছে, ২৫ জুন বেলা ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ মনির হোসেন। এ সময় একটি দাপ্তরিক বিষয়কে কেন্দ্র করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবু তাহের নয়নের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু তাহের উত্তেজিত হয়ে গালাগাল শুরু করেন। বিষয়টি আদালতের পাশের কক্ষে অবস্থানরত অন্যান্য আইন কর্মকর্তাদের জানানো হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি নিজের কাছে থাকা একটি ধারাল ছুরি দিয়ে মনির হোসেনের মাথা লক্ষ্য করে আঘাত করেন। মনির হোসেন আত্মরক্ষার চেষ্টা করলে আঘাতটি তার ডান ভ্রুর ওপর লেগে রক্তাক্ত জখম হন। এজাহারে আরও উল্লেখ করা হয়, আহত মনির হোসেন মেঝেতে পড়ে গেলে অভিযুক্ত তার বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত মনিরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৮ জুন তিনি থানায় লিখিত অভিযোগ দেন।








