বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স (মানসনদ) ছাড়াই অবৈধভাবে ফিস ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির দায়ে গাজীপুরের দুটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অভিযান চালিয়ে জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স এবং পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ফিড বিক্রি ও বিতরণ করছে।
একই অভিযানে উপজেলার ভান্নারা এলাকায় অবস্থিত কৃষিপণ্য ফিডস লিঃ-এ তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বস্তায় পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে একই আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উভয় প্রতিষ্ঠানকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে গাজীপুর জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মোঃ খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী, এবং পরিদর্শক প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।
এ সময় বিএসটিআই, গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস. এম. তালাত মাহমুদ এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এনএইচ/এমএএইচ/







