চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শনিবার ৪ জুলাই সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা।

আজ শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে।