বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে ট্রাফিক গুলশান ডিভিশনের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্যানস টিম ৩-১ গোলে ব্রাজিল ফ্যানস টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্রাজিল ফ্যানস টিম রানার্সআপ হয়।
খেলায় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান। এছাড়া, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মো. রোকনুজ্জামান সরকার বিশেষ আমন্ত্রিত ব্রাজিল ফ্যানস টিমের খেলোয়াড় হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আকস্মিকভাবে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের উপস্থিতিতে আয়োজনে বাড়তি উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, দলগত চেতনা এবং পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
টিটি/এএমএ








