সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৮ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আগামী শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৮ তম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এমপি এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যরা উপস্থিত থাকবেন।
গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালের ১৪ জুলাই ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির পাঁচটি অনুষদ ও ১৭টি বিভাগে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।






