জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, গণভোটে প্রাপ্ত জনগণের রায় উপেক্ষা করা জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল। এটি জনগণের সঙ্গে প্রতারণা

শনিবার (১ আগস্ট) বাদ আসর জেলা শহরের নবাববাড়ী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, গণভোটে প্রাপ্ত জনগণের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। গণভোটের সময় সমর্থন দিলেও সরকার গঠনের পর বিএনপি সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

২০২৪ সালের আগস্টের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলন ও শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার বিচার এবং জবাবদিহি নিশ্চিত করতেই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। জনগণ নতুন করে আর কোনো কর্তৃত্ববাদী শাসনের উত্থান মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন

সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে: শিক্ষামন্ত্রী

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নবাববাড়ী রোডের কার্যালয়ে এসে শেষ হয়।

এনএইচআর