গফরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ফুলপুর তারাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে ৭ বছরের এক শিশু মারা গেছে। সরিষাবাড়ীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : ময়মনসিংহের গফরগাঁওয়ে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের ডাকবাংলো এলাকার নিশাই সরকার জামে মদজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হোসাইন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার সকালে নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা। হোসাইন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে হোসাইন তার দুই সঙ্গী সাইমন (৬) ও আরিয়ানকে (১০) নিয়ে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সাইমনের বড় বোন আঁখি (১৪) নদীর ঘাটে এসে তাদের হাবুডুবু খেতে দেখে পানিতে ঝাঁপ দেয়। সে সাহসিকতার সঙ্গে সাইমন ও আরিয়ানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হোসাইন নিখোঁজ হয়। ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে সাফওয়ান আরাফ আকন্দ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে তারাকান্দা উপজেলার ভালকী গ্রামের মো. আলমগীর হোসেন আকন্দের ছেলে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে সজিব নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া (শ্মশানখোলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভুরারবাড়ী গ্রামে পুকুরে ডুবে সম্পদ (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ ভুরারবাড়ী গ্রামের আবুল আকন্দের ছেলে। সে স্থানীয় মারকাজুর তাওহিদ আস সুন্নাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বৃষ্টির পর ডা. ভাজনের পুকুরে পা ধোয়ার জন্য নামলে অসাবধানতাবশত তার পা পিছলে পানিতে ডুবে যায়।








