সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় অর্ধেক করার প্রস্তাব থেকে সরে এসেছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অনাগ্রহের’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতদিন সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় ছিল মাসে ৫০ হাজার টাকা। এই ব্যয় ২৫ হাজার টাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত ৯ জুলাই চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।এরপর বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেই বৈঠক না হওয়ায় এদিন সন্ধায় ৯ জুলাইয়ের দেওয়া এই চিঠি আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দেওয়া নতুন চিঠিতে বলা হয়, “২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণ নিয়ে ৯ জুলাইয়ের পত্র নিয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”এর ফলে, উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার থেকে অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হচ্ছে না। এ খরচ ৫০ হাজার টাকা বহাল থাকছে। শুধু বেসামরিক সরকারি কর্মকর্তা নয়; বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও সুবিধাটি পেয়ে আসছেন।প্রাধিকারভুক্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা করে সুদমুক্ত ঋণ পেয়ে আসছিলেন। ৯ জুলাই তা বন্ধ করে দেয় সরকার। ২০১১ সাল থেকে গাড়ি কেনার জন্য যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবদের সুদমুক্ত ঋণে ১৬ লাখ টাকা দেওয়া শুরু হয়। তৎকালীণ সময়ে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া হতো ২৫ হাজার টাকা। এরপর রক্ষণাবেক্ষণ বাবদ পর্যায়ক্রমে বিভিন্ন অর্থবছরে বাড়িয়ে যথাক্রমে ৩০, ৩৫, ৪৫ ও সর্বশেষ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ নির্ধারণ করা হয় ৩০ লাখ টাকা। এদিন যুগ্ম সচিব থেকে এই সুবিধা থাকলেও ২০১৭ সালের জুন থেকে উপসচিবদের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ঘোষণা করে সরকার এবং তাদেরও গাড়ি কেনা বাবদ নগদ ৩০ লাখ এবং রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এই গাড়ি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য কেনায় এ ঋণ সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি মাসিক ৫০ হাজার টাকা করে দেওয়া হয় গাড়ি রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন-ভাতা বাবদ।