গৌরি স্প্র্যাটকে বিয়ের পর বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের রাজনৈতিক ও হিন্দু ধর্মীয় নেতারা তার বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে মন্তব্য করেছেন। অযোধ্যার এক হিন্দু ধর্মগুরু আমিরকে হত্যার জন্য ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন আমির। অবশেষে বিতর্কের জবাব দিলেন এই তারকা।  

রেডিফকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “গৌরি, কিরণ বা রিনা কেউ-ই ধর্ম পরিবর্তন করেনি। কারণ আমাদের সিভিল ম্যারেজ হয়েছিল। আর গৌরি হিন্দুও নয়, সে খ্রিস্টান। তা-ও আবার নিয়মিত ধর্ম পালন করে না। সময় যত যাচ্ছে, জীবন ততই হাস্যকর হয়ে উঠছে।” 

ধর্মীয় বিবেচনার পরিবর্তে তার সম্পর্কগুলো সবসময় পারস্পরিক শ্রদ্ধা, ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মনে করেন আমির খান। বিয়ে নিয়ে পরিবারের দৃষ্টিভঙ্গি স্মরণ করে আমির খান বলেন, “সত্যিটা হলো, আমাদের পরিবার খুবই অন্তর্ভুক্তিমূলক। আমার দুই বোনই হিন্দুদের বিয়ে করেছে, আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিস্টানকে বিয়ে করেছে।” 

আমির খান ও গৌরি স্প্র্যাট—দুজন দুই ধর্মের অনুসারী। গত ৫ জুলাই, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে বিয়ে করেন তারা। অর্থাৎ, ধর্মীয় আচার-অনুষ্ঠানের বদলে আইনি পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।  

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। তবে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।

*মিড-ডে অবলম্বনে