বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক ও কবি জীবনানন্দ দাশ। তার প্রথম উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে নির্মিত মঞ্চনাটক ‘সম+সার’ নিয়ে দর্শকের সামনে আসছে থিয়েটার দল শূন্য। আগামী ১৬ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জীবনানন্দ দাশের মৃত্যুর পর ১৯৭০ সালে প্রকাশিত ‘মাল্যবান’ উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার জটিল, বিষণ্ন ও টানাপোড়েনের দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র তুলে ধরা হয়েছে। সাহিত্য সমালোচকদের অনেকের মতে, উপন্যাসটিতে লেখকের ব্যক্তিজীবনেরও প্রতিফলন রয়েছে।

এই উপন্যাস থেকেই নাট্যরূপ পেয়েছে ‘সম+সার’। নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক।

নির্দেশক জানান, উপন্যাসে মূলত মাল্যবানের দৃষ্টিকোণ থেকে গল্পটি এগোলেও মঞ্চনাটকে স্বামী ও স্ত্রী- উভয় চরিত্রের অবস্থানকে সমান গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়, এই প্রযোজনার উদ্দেশ্য দর্শকের মনে নারী-পুরুষের সম্পর্ক, দায়বোধ এবং মানবিক পরিপক্বতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেওয়া।

নাটকে মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী এবং উৎপলা চরিত্রে রয়েছেন যাজ্ঞোসীনি মৌ।

আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনীর পর ১৭ জুলাই একই মঞ্চে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

এলআইএ