বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্য জীবন পার করলেও তাদের সম্পর্কের নানা অজানা দিক মাঝেমধ্যেই সামনে আসে। এবার একটি রিয়েলিটি শোতে সুনীতার খোলামেলা মন্তব্য ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এ তারকা দম্পতি।
সম্প্রতি রিয়েলিটি শো ‘লক আপ : সাচ ইয়া সাজা’-এর একটি পর্বে অংশ নিয়ে সুনীতা আহুজা এমন কিছু মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে তার একটি পুরোনো বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছিলেন, ‘আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।’ স্বাভাবিকভাবেই এ মন্তব্যের ব্যাখ্যা জানতে চান সঞ্চালকেরা।
জবাবে সুনীতা অকপটে বলেন, ভালোবাসার সম্পর্কে অনেক কিছুই সহ্য করতে হয়। তিনি দাবি করেন, গোবিন্দ তার জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও বিষয়টিকে তিনি অভিনেতা-অভিনেত্রীদের জগতের বাস্তবতা হিসাবেই দেখেন। সুনীতা বলেন, ‘চি চি (গোবিন্দের ডাকনাম) জীবনে অনেক সম্পর্কে জড়িয়েছেন। এমনকি আমাদের বিয়ের পরও। নায়ক-নায়িকাদের জীবনে এমন ঘটনা ঘটেই থাকে। কিন্তু এত বছর আমি তার পাশে থেকেছি। তাই মনে হয়, তার মতো একজন ছেলে পাওয়ার যোগ্য আমি।’
এই মন্তব্যে যেমন বিস্মিত হয়েছেন অনেক ভক্ত, তেমনি অনেকে সুনীতার ধৈর্য ও সম্পর্ক ধরে রাখার মানসিকতারও প্রশংসা করেছেন। কারণ, বলিউডে যেখানে সম্পর্ক ভাঙা-গড়ার ঘটনা খুবই সাধারণ, সেখানে গোবিন্দ ও সুনীতার সংসার প্রায় ৪০ বছর ধরে টিকে আছে।
১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। দীর্ঘদিন ধরে তারা বলিউডের অন্যতম সফল ও স্থায়ী দম্পতি হিসাবে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সুনীতা প্রকাশ্যে জানিয়েছেন, ভিন্ন জীবনযাপন ও অভ্যাসের কারণে তারা আলাদা বাড়িতে থাকেন।








