গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়-অধ্যাপক ড. নাজমুস সাদাত উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। চার বছরের দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি অবস্থান করবেন।

অধ্যাপক ড. নাজমুস সাদাত দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে শিক্ষকতা করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশনের (এনটিএ) সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করছেন।