বান্দরবানের রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন প্রশাসন। আজ মঙ্গলবার থেকে দেবতাখুম পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটায় ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রোয়াংছড়ি উপজেলাস্থ দেবতাখুম পর্যটন কেন্দ্রটি পর্যটকদের জন্য সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) থেকে দেবতাখুম পর্যটন স্পট পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটক বহনকারী কোনো যানবাহন, বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে।

অবশ্য নৌপথে যাতায়াত করা যাবে। নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সকল যথাযথভাবে অনুসরণ করতে নির্দেশনায় বলা হয়েছে।

তবে আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড় ধস ও অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িক ভাবে বন্ধ বা সীমিত করা হবে বলে জানিয়েছেন ইউএনও তাজমিন আলম তুলি।