কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেটের বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের পোশাকের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন সুখবর। দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নতুন জীবনের খবর জানান জেনিফার। ভিডিওটির শুরুতেই দেখা যায়, হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছেন জেনিফার ও উইলিয়াম। সেই মুহূর্তের ওপর লেখা ছিল ‘জাস্ট ম্যারেড’। এরপর ভিডিওজুড়ে উঠে আসে তাদের বিয়ের নানা আবেগঘন মুহূর্ত।

প্রকাশিত ভিডিও ও ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, খ্রিস্টান ধর্মীয় রীতিতে একটি গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। চার্চের ভেতরে একসঙ্গে তোলা ছবি, বিয়ের পর উদ্‌যাপনের বিভিন্ন মুহূর্ত এবং একে অপরকে ভালোবাসার চুম্বনে শুভেচ্ছা জানানোর দৃশ্যও ধরা পড়েছে ভিডিওতে।

ভিডিওর ক্যাপশনে জেনিফার লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমার মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি-আমার স্বামী।’ এই ঘোষণার পরপরই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় তার সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা জানিয়েছেন।

এর আগে প্রায় এক মাস ধরে জেনিফারের বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, গত ১৬ জুলাই লন্ডনে একান্ত ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তবে সে সময় বিষয়টি নিয়ে জেনিফার কিংবা উইলিয়াম-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

মেয়ের ছবি তোলা ঠেকাতে যা করলেন রানি মুখার্জি

গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও। সেখানে গাউনের সূক্ষ্ম নকশা, কারুকাজ এবং চূড়ান্ত ফিটিং নিয়ে অভিনেত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। বিয়ের সাজ নিয়ে ডিজাইনারদের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় তাকে। এমনকি মাথায় বিয়ের ওড়না পরে নিজের ব্রাইডাল লুকও যাচাই করেন তিনি।

এদিকে জেনিফারের একটি ভক্ত- পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে গাউনের প্রাথমিক নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেসব পোস্টেও নবদম্পতির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন অসংখ্য ভক্ত।

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা হয়েও রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন দীপিকা, কারণ কী?

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে এক ছাদের নিচে জীবন শুরু করলেন জেনিফার উইনগেট ও উইলিয়াম ইসমাইল। তাদের নতুন জীবনের এই ঘোষণায় উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।

এমএমএফ