মাদক ব্যবসায়ী নারীর কাছ থেকে টাকা গ্রহণের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়িচালক কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের আখড়া হিসাবে পরিচিত দৌলতদিয়া পুড়াভিটা এলাকার এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। গঠিত হয় বিভাগীয় তদন্ত কমিটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুরাভিটা এলাকার মাদক কারবারি রিনা বেগমের কাছ থেকে কনস্টেবল মামুন শিকদার টাকা নিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এদিকে রোববার পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা এক আদেশে দেখা যায়, রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে বদলি করা হয়। ওই আদেশে রাজবাড়ি জেলায় কর্মরত কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। রেঞ্জ আদেশে বলা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের আগামী ২৯ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।








