রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাসেম (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শরীয়তপুরের গ্রামের বাড়িতে মাকে দেখে ঢাকার বাসায় ফিরছিলেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কাসেমকে হাসপাতালে নিয়ে আসা সাদিয়া আক্তার বলেন, বিকেলের দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। পথে হানিফ ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় একজন বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দুর্বৃত্তের ছুরিকাঘাত / ‘ভাই আমাকে বাঁচান, মরে যাচ্ছি’ বলা লোকটিকে আর বাঁচানো গেলো না

নিহত আবুল কাসেমের নাতি সোয়াত বলেন, আজ আমার দাদা তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মারা যান তিনি।

সোয়াত আরও বলেন, আমার দাদা ঢাকায় পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন ও শেওড়াপাড়ায় রড-সিমেন্টের দোকান ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/বিএ