রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসার কার্নিশ থেকে পড়ে সুমাইয়া ইসলাম নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে গুলশানের ৮৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসার তিনতলার কার্নিশ থেকে পড়ে গুরুতর আহত হলে সুমাইয়াকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানা পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সুমাইয়া তিন দিন আগে পরিচিত এক নারীর মাধ্যমে ওই বাসায় গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন। পরে তিনি কাজ না করার ইচ্ছা প্রকাশ করলে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে ওই নারী না আসার মধ্যেই এ ঘটনা ঘটে। গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, প্রাথমিকভাবে গৃহকর্মীর শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








