রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।

আদালত সূত্র জানায়, এর আগে অন্য মামলায় কারাগারে থাকা কবির ইসলামকে এদিন আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শিশুহত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

আছাড় মেরে শিশু হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

মামলার তথ্য অনুযায়ী, নিহত রাফা মনি কবিতার বয়স ছিল মাত্র সাত মাস। গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে অভিযুক্ত কবির ইসলাম শিশুটিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে সড়কে আছাড় মারেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তুরাগ থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

পরে শুক্রবার নিহত শিশুর নানি শারমিন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আবেদন মঞ্জুর করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি। কবির রিকশাচালক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।

ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে উত্তরার বালুরমাঠ এলাকার হারুন মোল্লার বস্তিতে বাবার বাসায় যান। সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত কবির ইসলাম শিশুকন্যাকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে আছাড় মারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে মামলার তদন্ত চলছে।

এমডিএএ/কেএসআর