নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জের ধরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এর পরপরই অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে মো. আব্দুল্লাহ ধারালো অস্ত্র নিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বুলবুলি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বুলবুলি খাতুন ও আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা পরিবারে এমন নৃশংস ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








