মাগুরার মধুমতী নদী থেকে নিখোঁজের দুদিন পর ইয়াসিন মোল্লা (৯) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২১ জুলাই) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত ইয়াসিন মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে। সে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।মাগুরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জামাল উদ্দিন জানান, গত রোববার বিকেলে কালিনগর গ্রামে মধুমতী নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করছিল ইয়াসিন। একপর্যায়ে পা পিছলে সে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খুঁজেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে নদীর বাগবাড়িয়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।স্কুলছাত্র ইয়াসিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
অপরাধ
মধুমতী নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শেয়ার করুন







