গোছখালী বাজার সংলগ্ন গুলিশাখালী খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে আমতলী উপজেলার গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক।
আমতলীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের বাসিন্দার চলাচলের জন্য গোছখালী বাজারের নিকট গুলিশাখালী খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। ২০২২-২৩ সালে সেতুর দুই তীরের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। সংযোগ সড়কের নির্মাণের ৩ বছরের মাথায় ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে পশ্চিম পাশের সংযোগ সড়কের মাঝ বরাবর দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়।
গর্তটি মেরামত না করায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন অভিযোগ করে বলেন, সেতুর সংযোগস্থলের গর্তটি দিন দিন বড় হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে আরও ভয়াবহ রূপ ধারণ করছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও পণ্যবাহী যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। অনেক সময় যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
গুলিশাখালী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, জনস্বার্থে গোছখালী বাজার সংলগ্ন গুলিশাখালী খালের ওপর সেতুটির সংযোগ সড়ক মেরামতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা প্রয়োজন যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটে।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, বরাদ্দ চাওয়া হয়েছে। টাকা পাওয়া গেলে অতি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।








