হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি এহিয়া তালুকদারকে (৩৬) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৩ জুলাই) রাত ১০টায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান। গ্রেপ্তার এহিয়া তালুকদার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল সিলেট জেলার মোগলাবাজার উপজেলার দাউদপুর ইউনিয়নের মোগলাবাজার ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে মাহফুজ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি এহিয়া তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মাহফুজ মিয়া ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বছরের ২২ নভেম্বর রাতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বসন্তপুর-পৈলারকান্দি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল হামলাকারী মাহফুজ মিয়া ও তার ভাইকে ঘিরে ফেলে।
অভিযোগ অনুযায়ী, এমদাদ তালুকদার মাহফুজ মিয়াকে লক্ষ্য করে একটি টেটা নিক্ষেপ করলে তা তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। এরপর অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত মাহফুজ মিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে প্রধান আসামি এহিয়া তালুকদার পলাতক ছিলেন। অবশেষে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।








