হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুই আহত ব্যক্তিকেও আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর, একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর।
আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আকবর হোসেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মহদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।








