দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন নাঈম ইসলাম সংগ্রাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডালিম চন্দ্র রায়।
সোমবার (২৪ আগস্ট) বস্তুনিষ্ঠতা ও ন্যায়পরায়ণতাকে সংবাদ মূলমন্ত্র হিসেবে ধারণ করা হাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক ডালিম চন্দ্র রায় ও সদস্যসচিব তানভির আহমেদের স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী, দৈনিক খোলা কাগজ ও বাহান্ন নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম ইসলাম সংগ্রাম। সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস রিপোর্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ডালিম চন্দ্র রায়। কমিটির সহ-সভাপতি হয়েছেন কৃষি অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও আজকের প্রভাতের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডটনেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জীবন ঘোষ। দপ্তর সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও নিউজ এক্সপ্রেসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জান্নাতুন নাঈম। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও সাপ্তাহিক আমন্ত্রণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার জিসান খান। অর্থ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তাহজিব হাসান।
কার্যনির্বাহী সদস্য-১ হয়েছেন মার্কেটিং বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও ডেইলি এগ্রি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সংযুক্তা সুতপা ঋদ্ধি। কার্যনির্বাহী সদস্য-২ হয়েছেন মার্কেটিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভির আহমেদ। কার্যনির্বাহী সদস্য-৩ হয়েছেন মার্কেটিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ও রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল সাকিব।
নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম ইসলাম সংগ্রাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “নিশ্চয় প্রতিটি দায়িত্ব একটা আলাদা প্রশান্তির সৃষ্টি করে। সেইসাথে সৃষ্টি হয় এক নৈতিক দায়বদ্ধতা। আমি প্রথমেই হাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে, তারা আমার প্রতি আস্থা রেখে মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষ দায়িত্ববোধ সৃষ্টি হয়েছে। হাবিপ্রবি প্রেসক্লাব জন্ম নেওয়া শিশুর মতো করে এক পা দু পা করে এগোতে এগোতে একদিন পরিপূর্ণ সংগঠনে রূপ লাভ করবে। সে যাত্রায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের নিকট থেকে সহযোগিতা প্রত্যাশা করছি।”
“আমরা আমাদের খবরের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সকল ইতিবাচক কাজ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরে যেমন বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে চাই ঠিক তেমনি সমস্যাগুলো তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ভোগান্তি লাঘবের অংশীদার হতে চাই। আমাদের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি, সেইসাথে সৎ পরামর্শ প্রত্যাশা করছি”, যো করেন তিনি।
সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র রায় বলেন, “হাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। প্রেসক্লাবের এই নতুন দায়িত্ব আমার জন্য এক বিশাল অঙ্গীকার। ক্যাম্পাস সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। হাবিপ্রবির গৌরবময় অর্জনগুলো ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার, যৌক্তিক দাবি এবং ক্যাম্পাসের যেকোনো অনিয়ম-অসঙ্গতি সততার সাথে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরো সমৃদ্ধ করতে এবং ক্যাম্পাস সাংবাদিকতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”








