ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জুলাই গণহত্যা এবং হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন শহীদ শরিফ ওসমান হাদির সমাধির সামনে বুধবার এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণহত্যা এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতার কারণে জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, জুলাই গণহত্যার বিচার না করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের মুক্ত বাতাসে ঘুরতে দিলে এ সরকার দুবছরও ক্ষমতায় থাকতে পারবে না। কারণ তারা সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

মানববন্ধনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, সরকারের এমন কী ভয় রয়েছে, যার কারণে জুলাই স্মৃতি জাদুঘর এখনো উন্মুক্ত করা হয়নি? তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে জুলাই গণহত্যা ও শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা সময়ের দাবি। একই সঙ্গে তিনি জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।