বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন আর্লিং হলান্ড। চার ম্যাচে সাত গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা নরওয়ের এই স্ট্রাইকার। তার এই সাফল্যকে সম্মান জানিয়ে বিশেষ চমক নিয়ে এসেছে গুগল। বৃহস্পতিবার গুগলে আর্লিং হলান্ড লিখে সার্চ করে দেখা গেছে একটি বিশেষ অ্যানিমেশন। সাধারণ সার্চ ফলাফলের পাশাপাশি স্ক্রিনের নিচে নরওয়ের ঐতিহ্যবাহী পোশাক পরা সাতটি চরিত্র নৌকা বেয়ে এগিয়ে যাচ্ছে। স্ক্রিনে কার্সার নাড়ালেই শোনা যাচ্ছে বিশেষ শব্দ, যা এই অ্যানিমেশনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গুগলের এই বিশেষ সম্মানের কথা নিজেই সামাজিক যেগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন হলান্ড। একটি পোস্টে চোখ টেপা ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘আজ একটা কাজ করো, ... গুগলে আমার নাম সার্চ করো।’ এর মধ্যেই আরও একবার আলোচনায় উঠে এসেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। সম্প্রতি নরওয়ের জনপ্রিয় ডিজে এবং সংগীত প্রযোজক কইগোর সঙ্গে নিজের পুরোনো ভাইরাল র্যাপ গান ‘কাইগো জো’-এর একটি রিমিক্স সংস্করণ প্রকাশ করেছেন তিনি। ফুটবল দুনিয়ায় গোলের পর গোল করে বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার আগেই সংগীত জগতেও হাতেখড়ি হয়েছিল হলান্ডের। এরিক বোথিয়াম ও এরিক টো বিয়াস স্যান্ডবার্গের সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন ‘ফ্রো কিংজ’ নামে একটি র্যাপ ব্যান্ড।
২০১৬ সালে নরওয়ের ক্লাব ব্রেইনের হয়ে খেলার সময় এই তিনজন মিলে প্রকাশ করেছিলেন ‘কাইগো জো’ গানটি। দীর্ঘ ২৮ বছর পর নরওয়ের বিশ্বকাপে ফেরা এবং হলান্ডের দুরন্ত গোলবন্যার সুবাদে সেই পুরোনো গানটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে ইউটিউবে গানটির ভিউ ৮.৯ মিলিয়ন ছাড়িয়েছে, যা নতুন করে আলোচনায় এনেছে নরওয়ের সুপারস্টারকে।







