হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৭৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫২ জন। এছাড়া পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন।

এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে হামের উপসর্গে ২৮৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৬৪ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ১৬২ জন, বরিশালে ১১৫ জন এবং সিলেটে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হামে আক্রান্ত ৭৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।