গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৯৬৫ শিশু। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ জন, আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১২ হাজার ২৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন হাসপাতাল ছেড়েছে।