দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চার মাসে হাম এবং ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০১ সন্দেহভাজন এবং ১২৮ শিশুর দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছে ৮৯ জন। এছাড়া সিলেটে ৮৮, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪২, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আসা রোগীদের মধ্যে ভর্তি হয়েছে ৮০০ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩১১ জন, রাজশাহীতে ১৭, সিলেটে ৬৫, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১১০, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪৬, রংপুরে ৯ জন।