দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। আর হামের রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। সব মিলিয়ে এ সময় হামের রোগী হয়েছে ১ হাজার ৩১৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হাম–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫।

এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৪ জনের। আর হামে মারা গেছে ১০৫ জন। দেশের ইতিহাসে এক বছরে হামে এত আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর রেকর্ড নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ হাজার ১৪৯ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

ঢাকা বিভাগে রোগী বেশি

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৪৮৩ জন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, সিলেট বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ১০০ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩৭ জন ও রাজশাহী বিভাগে ৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগীদের মধ্যে ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ১ জন, বরিশালে ১ জন ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুই নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়নি।