হামের প্রাদুর্ভাব কমাতে এমআর টিকাদান কর্মসূচির পরও আক্রান্ত ও মৃত্যু থামছে না। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ জন ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৯৫১ জন লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৪০, রাজশাহীতে ৩৭, সিলেটে ৬৯, চট্টগ্রামে ২০০, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩২, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগের হাসপাতালগুলোয় ২৩ জন ভর্তি রয়েছেন। সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া উপসর্গ নিয়ে ৬২৬ জন মারা গেছে।