সারা দেশে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে এক হাজার ১০৭ জন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন এবং ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। আর ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত হয়েছে ১৩৯ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৬৩৬ শিশুর। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।








