হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও এক শিশু মারা গেছে। একই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৯ জন। হামের উপসর্গ নিয়ে ঢাকায় ওই শিশু মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৪২ শিশুর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৪৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ শিশুর।







