কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।এর আগে, গত ২ আগস্ট হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি বৃহস্পতিবার আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে।সন্ধ্যার দিকে চেম্বার জজ আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।অ্যাটর্নি জেনারেল বলেন, “তনু হত্যা মামলার আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে ব্যর্থ হলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”তনু হত্যা মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় এই আদেশ। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে ধর্ষণের পর হত্যা করা হয় তনুকে। দীর্ঘ ১০ বছরেও এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি। সম্প্রতি মামলার তদন্তে নতুন অগ্রগতি হয় এবং সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২১ এপ্রিল ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনীতি
হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

শেয়ার করুন







