পারস্য উপসাগরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের কাছ থেকে মাশুল আদায় এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছে ইরান। প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও এই নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের কর্তৃত্ব কোনোভাবেই খর্ব হতে দেওয়া হবে না।
এদিকে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত না হলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন না করে, তবে ইরান যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে।
তিনি জানান, ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে চূড়ান্ত চুক্তি নিয়ে আর কোনো আলোচনা এগোবে না। তিন মাসব্যাপী সংঘাতের অবসান ঘটাতে চলতি মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পর যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
কলিবফের দাবি, হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে ইরান চার কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের অধিকার রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, আগামী ৬০ দিন পণ্যবাহী জাহাজগুলো কোনো মাশুল ছাড়াই হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে কোন জাহাজ এই পথ দিয়ে চলাচল করবে এবং কোন রুট অনুসরণ করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইরানের হাতেই থাকবে বলে দেশটির দাবি।
অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর হরমুজ প্রণালির ওপর স্থায়ী ও আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান শান্তি আলোচনায় এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত ইরানি প্রতিনিধিরা অন্য কোনো বিতর্কিত বিষয়ে আলোচনা করবেন না।
চুক্তির মেয়াদ বৃদ্ধি না পেলে আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে জাহাজের কাছ থেকে মাশুল আদায় শুরু করতে পারে ইরান। তবে মাশুলের পরিমাণ কিংবা আদায়ের পদ্ধতি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সংঘাতের সূচনালগ্নে ইরান হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ করে দিয়েছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, সে সময় পারস্য উপসাগর ত্যাগকারী কয়েকটি জাহাজের কাছ থেকে নৌ-চলাচল ও অন্যান্য খাতে নির্ধারিত ফি আদায় করা হয়েছিল।
The post হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি appeared first on ZoomBangla.







