হাসপাতাল চালুর পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের নবম দিনে মহাসড়কে বাঁশ ও চেয়ার ফেলে অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সুনামগঞ্জ সদরের মদনপুর পয়েন্টে সড়ক অবরোধ করেন। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের তিনটি পয়েন্টে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেকের পড়াশোনা শেষ হওয়ার পথে। হাতে-কলমে চিকিৎসক হওয়ার জন্য জরুরি ক্লিনিক্যাল বা ওয়ার্ড ক্লাস আমরা পাচ্ছি না। ডাক্তার হওয়ার জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছি না। শুধু বই পড়া ডিগ্রি নিয়ে আমরা অথর্ব হচ্ছি। দাবি আদায় না হলে আমরা আমরণ কর্মসূচি চালাব। শিক্ষার্থীরা আরও বলেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতাল ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এরপরও হাসপাতাল কার্যক্রম চালু হয়নি। গত বছর আন্দোলনে সরকার এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। কিন্তু এখনো চালুর কোনো উদ্যোগ না নেওয়ায় আবারও বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। জেলার মানবাধিকার কর্মী ওবায়দুল হক মিলন বলেন, এখানে হাসপাতাল চালুর দাবি শুধু তাদের নয়; এটা সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।