ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার কথা বলেছেন শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ড নিয়ে তিনি এখন পলাতক রয়েছেন।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এছাড়া বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট এ প্রতিবেদন জমার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।








