ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘এক্সএআই’-এর নাম পরিবর্তন করে ‘স্পেসএক্সএআই’ রাখা হয়েছে। নতুন নামের পাশাপাশি প্রতিষ্ঠানটি নতুন লোগোও উন্মোচন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিষ্ঠানটির অফিসিয়াল অ্যাকাউন্টের নামও পরিবর্তন করে @SpaceXAI করা হয়েছে।
প্রতিষ্ঠানটির নতুন পরিচয় এমন এক করপোরেট পুনর্গঠনের অংশ, যেখানে মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সএআই মূল (প্যারেন্ট) কোম্পানি হিসেবে কাজ করছে। নতুন কাঠামোয় স্পেসএক্সএআই স্পেসএক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এখন স্পেসএক্সএআইয়ের অধীন পরিচালিত হবে।
আরও পড়ুন
যেভাবে প্রযুক্তি দুনিয়ার শীর্ষে এলেন ইলন মাস্ক
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স আনুষ্ঠানিকভাবে এক্সএআইকে অধিগ্রহণ করে। একই বছরের জুনে স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) পর কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।
স্পেসএক্স জানিয়েছে, এই অধিগ্রহণের অন্যতম উদ্দেশ্য মহাকাশে বৃহৎ এআই ডেটা সেন্টার গড়ে তোলা। এই প্রকল্পের নাম ‘স্টারমাইন্ড’ । পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ দিকে এর পরীক্ষামূলক প্রদর্শন শুরু হবে এবং ২০২৮ সালে বাণিজ্যিকভাবে চালু করার লক্ষ্য রয়েছে।
ম্যাশেবল এর প্রতিবেদন থেকে জানা যায়, নতুন নাম ও করপোরেট কাঠামোর মাধ্যমে ইলন মাস্ক তার এআই, মহাকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবসাগুলোকে আরও সমন্বিতভাবে পরিচালনার কৌশল নিয়েছেন। এতে ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ও অবকাঠামো একীভূতভাবে ব্যবহারের সুযোগ আরও বাড়বে।
কী এই এক্সএআই?
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় ২০২৩ সালে এক্সএআই নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতেই এই কোম্পানি গড়ে তোলা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান পণ্য হলো গ্রোক-নামের এআই চ্যাটবট, যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করে। প্রশ্নের উত্তর দেওয়া, তথ্য বিশ্লেষণ, লেখা তৈরি এবং প্রোগ্রামিংসহ বিভিন্ন কাজে গ্রোক ব্যবহার করা যায়।
আরও পড়ুন
শিশুদের জন্য বিশেষ অ্যাপ আনছে ইলন মাস্ক
এক্সএআই-এর প্রতিষ্ঠাতা ও মালিক ইলন মাস্ক। তিনি একই সঙ্গে স্পেসএক্স, টেসলা, এক্স(সাবেক টুইটার) এবং নিউরোলিংক-এরও নেতৃত্ব দিচ্ছেন। এআই প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে তিনি মহাকাশ, স্যাটেলাইট ও সুপারকম্পিউটিং অবকাঠামোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের পরিকল্পনা করছেন। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়।
ফেব্রুয়ারিতে স্পেসএক্স এক্সএআই-কে অধিগ্রহণ করে এবং পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে স্পেসএক্সএআই রাখা হয়। নতুন নামের মাধ্যমে মাস্ক তার মহাকাশ প্রযুক্তি, এআই এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবসাগুলোকে একই কর্পোরেট কাঠামোর আওতায় নিয়ে আসেন।
প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য মহাকাশভিত্তিক এআই ডাটা সেন্টার তৈরি করা। স্টারমাইন্ড নামে একটি প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু এবং ২০২৮ সালে বাণিজ্যিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সম্প্রতি গ্রোক ৪.৫ নামের নতুন এআই মডেলও উন্মোচন করেছে স্পেসএক্সএআই।
শাহজালাল/কেএসকে





