রাজবাড়ীর বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রাজবাড়ীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর চারটার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে সার বোঝাই একটি ট্রাক মানিকগঞ্জে যাচ্ছিল। ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রাকচালক অসুস্থ থাকায় তার সহকারী (হেলপার) গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় সহকারী ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ‘নকশিকাঁথা কমিউটার’ ট্রেনটি পাঁচুরিয়া জংশনে আটকা পড়ে। এ ছাড়া রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাঙ্গাগামী লোকাল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ফরিদপুরে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।ট্রাকের সহকারী সোহেল বলেন, ‘আমি এই ট্রাকের হেলপার হিসেবে চার বছর ধরে আছি। যশোর থেকে সার নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলাম। পথে চালকের জ্বর আসায় তিনি আমাকে গাড়ি চালাতে বলেন। হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে।’বসন্তপুর রেলগেটের গেটম্যান রেজাউল হাওলাদার বলেন, ‘রাত ৩টা ২০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর আমি ঘরে আসি। এর ২০ মিনিট পর বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি একটি ট্রাক রেলিং ভেঙে লাইনের ওপর উঠে আছে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’এদিকে স্থানীয় বাসিন্দারা এই এলাকায় গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মহীন মোল্লা বলেন, নতুন রাস্তা করার সময় পুরোনো গতিরোধকটি তুলে ফেলা হয়েছে। এক বছর পার হলেও নতুন করে গতিরোধক দেওয়া হয়নি। এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়েই উদ্ধারকারী রেকার নিয়ে কাজ শুরু করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।